ঝালকাঠি প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠির নলছিটি উপজেলায় সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের (BDIRWSP) আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
২১ অক্টোবর নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ফুলতলা-মানপাশা, তালতলা-ভবানিপুর – নাচনমহল সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন,প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
এই সড়কের দু’পাশে ১৬ হাজার বৃক্ষ চারা রোপন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি আককাস সিকদারসহ আরও অনেকে।
বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন সড়কের দুই পাশে গাছ লাগানো হচ্ছে। এর মাধ্যমে সড়কের পাশে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।