ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটির দপদপিয়ার খয়রাবাদ সেতু-সংলগ্ন তিন নদীর মোহনায় পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্বোধন করা হয়েছে।
২১ অক্টোবর পর্যটন কেন্দ্রের নির্ধারিত এলাকা পরিদর্শন শেষে উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।এলজিইডি ও জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় এ পর্যটন কেন্দ্র নির্মাণ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দপদপিয়ায় খয়রাবাদ,রাঙ্গামাটিয়া ও পাণ্ডব এ নদীর মোহনা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি স্থান। পটুয়াখালী, বাকেরগঞ্জ ও নলছিটি থেকে প্রবাহিত এ নদীগুলো দপদপিয়া নামক স্থানে মিলিত হয়েছে। নদীর এ মিলিত স্থানে পরিকল্পিতভাবে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে এলাকার সৌন্দর্য আরও বাড়বে। পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। পর্যটন কেন্দ্রটি যেন পরিবেশবান্ধব ও আকর্ষণীয় হয়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন,পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো.শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ,ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আক্কাস সিকদার এবং দপদপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিমন আকনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।