ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫জন গ্রেপ্তার
ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি-৮, বরিশাল। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ৯ হাজার ৫৫১ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গত ১৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে রাজাপুর উপজেলার বারাকপুর এলাকায় বিকাশ ব্যবসায়ী মো. সুমন হোসেন মৃধার পথরোধ করে দুর্বৃত্তরা। এ সময় ধারালো রামদা ও লোহার রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে বিকাশের ৭ লাখ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ১৮ অক্টোবর সুমন হোসেন মৃধা বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ অক্টোবর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে এসআরবি-৮।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আফজাল হোসেন, লিটন হাওলাদার, আবুল কালাম, চান মিয়া ও মামুন হাওলাদার।এসআরবি-৮ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন হাওলাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজাপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. ফিরোজ কামাল জানান, গ্রেপ্তার পাঁচজনকে বুধবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।