ঝালকাঠি প্রতিনিধি::-
ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানের মতো ঝালকাঠির রাজাপুরেও শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে শত শত সমর্থক অংশ নিয়েছেন বর্ণাঢ্য মোটরসাইকেল ও পদযাত্রা র্যালিতে।
ব্রাজিলের সবুজ-হলুদ পতাকা, প্রিয় দলের জার্সি আর সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে ঝালকাঠির রাজাপুর উপজেলা শহর। হেক্সা মিশনের স্বপ্ন বুকে নিয়ে আজ উপজেলার বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা জড়ো হন রাজাপুর উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। সেখান থেকে শতাধিক মোটরসাইকেল এবং পায়ে হেঁটে অংশগ্রহণকারীরা ব্রাজিলের পতাকা হাতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বিভিন্ন স্লোগান ও উল্লাসে তারা জানান দেন নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসার কথা। র্যালিকে ঘিরে পুরো শহরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। র্যালিতে শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমর্থকদের ভাষ্য, ফুটবলের প্রতি ভালোবাসা এবং ব্রাজিল দলের প্রতি আবেগ থেকেই তাদের এই আয়োজন।
সমর্থকদের প্রত্যাশা, বিশ্বকাপকে ঘিরে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ফুটবল শুধু খেলা নয়, এটি আবেগ ও ভালোবাসার একটি বড় মাধ্যম—আর সেই ভালোবাসারই প্রকাশ ঘটেছে রাজাপুরের এই বর্ণাঢ্য র্যালিতে। বিশ্বকাপের অপেক্ষা যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সমর্থকদের উন্মাদনা। প্রিয় দলের সাফল্যের আশায় এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্রাজিল সমর্থকরা।