অবিশ্বাস্য হলেও সত্যি ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেনারেল হাসপাতালটি এখন রীতিমতো গাঁজার বাগানে পরিণত হয়েছে। হাসপাতালের অভ্যন্তরে প্রকাশ্যেই বেড়ে উঠেছে কয়েকশো গাঁজার গাছ। সকলের সামনে দিনের পর দিন এই গাঁজার গাছ গজিয়ে উঠলেও এসব দেখার যেনো কেউ নেই।
একশো বছরের প্রাচীন ফরিদপুর জেনারেল হাসপাতালটি গত কয়েক বছর যাবত ধুঁকছে নানা সমস্যায়। তারপরও জেলা সদরের এই হাসপাতালে প্রতিদিন ভিড় করে চিকিৎসা নিতে আসা কয়েকশো রোগী। রোগীর ভিড়ে হিমশিম খান ডাক্তাররা। কর্তৃপক্ষের হয়তো এ কারণে হাসপাতালের দিকে একটু ভালোভাবে নজর দেয়ার ফুরসৎ মিলে না। আর একারণেই হয়তো হাসপাতালের অভ্যন্তরে জনচলাচলের রাস্তার পাশেই গড়ে উঠেছে একের পর এক গাঁজার বাগান।
জেনারেল হাসপাতালের উত্তর দিকে স্টাফ কোয়ার্টারের পথের দুই ধারে ও হাসপাতাল থেকে মসজিদে যেতে পথের ধারে প্রকাশ্যে শত শত গাঁজার গাছের বেড়ে ওঠার দৃশ্য দেখে চমকে উঠতে হয়। এও কি সম্ভব? তাও সপ্তাহ কিংবা মাস নয়, বছরের পর বছর ধরে নাকি এভাবেই গাঁজা গাছগুলো বেড়ে উঠেছে।
হাসপাতালের স্টাফ কোয়ার্টারের বাসিন্দারা জানালেন, প্রায় চার-পাঁচ বছর যাবত এই গাঁজার গাছগুলো বেড়ে উঠেছে। আগে আরো বেশি ছিলো। অনেক গাছ কেটে তারা পরিস্কার করেছেন। তারপর আবার হয়েছে। সকলের সামনেই বেড়ে উঠেছে। কিছু ছেলেপুলে এগুলো ছিড়ে নিয়ে রস করে খায় বলে তাদের জানিয়েছে।










