ঝালকাঠি প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ঝালকাঠি সদর উপজেলার মিরাকাঠী সুলতান হোসেন খান মাধ্যমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের মঝে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয়ের সভাপতি এবং জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বরিশাল অঞ্চলের প্রেসিডেন্ট ফারজানা আক্তার সেতু। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমও পরিচালিত হয়। পরিবেশবান্ধব সমাজ গঠন এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক সুনীল বরণ হালদার। অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয়ের সভাপতি এবং জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বরিশাল অঞ্চলের প্রেসিডেন্ট ফারজানা আক্তার সেতু বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী পরিবেশগত নানা সংকট দেখা দিয়েছে।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণে সচেতন করে তুলতে হবে এবং প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা আজকের এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ফারজানা আক্তার সেতু । এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।










