কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় অটো চালক মোঃ নাসির (২৮) উদ্দীনের হত্যাকারীর ফাঁসির দাবীতে পরিবার ও এলাকাবাসী মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ ০৬ মার্চ রোববার সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলা পরিষদের সামনের সড়কে নাসিরের শিশু-সন্তান, স্ত্রী, মা ও ভাইসহ পরিবারের সদস্য এবং এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন। কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে হত্যাকারীর ফাঁসির দাবী জানান।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার মানববন্ধন কারীদের সাথে একাত্ত্বতা ঘোষনা করে এবং নাসির পরিবারের খোঁজ-খবর নেন ও সহযোগিতা করার আশ্বাস দেন।

বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ দুই ঘন্টা ব্যাপি এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, আওয়ামীলীগ নেতা তরুন সিকদার, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম. এম. তারিকুজ্জামান, সাবেক ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন, বিএনপি নেতা মোঃ হাসিব ভুট্ট, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ নজরুল ইসলাম গাজী, আওয়ামীলীগ নেতা মোঃ শাহিন হোসেন প্রমূখ।
নাসিরের ৭ বছরের শিশু সন্তান আব্দুল্লাহ, ১ বছরের ওবায়দুল্লাহ, স্ত্রী নুপুর বেগম, ভাই জমিস ও বশির, মা ও বোনরা মানববন্ধনে উপস্থিত হয়ে হত্যাকারী ফাঁসির দাবি জানিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। একমাত্র উপর্যানকারীকে হারিয়ে তারা এখন দিশেহারা। তাদের কান্না দেখে অনেক অংশগ্রহণকারী কেঁদে ফেলেন।
উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি অটোসহ নাসির উদ্দিন নিখোঁজ হন। পরের দিন উপজেলার মশাবুনিয়া গ্রামের বিষখালী নদীর তীরে কেয়া বন থেকে পিছমোড়া হাত বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দুই দিন পরে উপজেলা বাঁশবুনিয়া গ্রাম থেকে সাকির হোসেন নামে এক যুবককে আটক করে র্যাব-৮। এ সময় সাকিরের স্বীকার উক্তি মতে ভান্ডারিয়া থেকে অটোটি এবং পার্শ্ববর্তী বামনা উপজেলা থেকে নাসিরের ব্যবহৃত মোবাইল ও টর্চ লাইট উদ্ধার করে র্যাব।











