কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপি’র নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে কাঠালিয়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা বিএনপি’র সাবেক সদস্য বিএনপি নেতা মোঃ শহীদুল ইসলাম জানান আমার একটি মহল বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এ অপপ্রচার ও ষড়যন্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ শহিদুল ইসলাম, তিনি জানান, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালাল রহমান আকন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাকে নিয়ে একটি স্ট্যাটাস দেন।
এ স্ট্যাটাসে জালালুর রহমান আকন দাবি করেন আমি (শহিদুল ইসলাম) বিএনপি’র কেউ না। জালালুর রহমান আকনের দাবী সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার এ স্ট্যাটাস সর্ম্পকে উপজেলা বিএনপির নেতাদের কাছে জানতে চাইলে তারা জালালুর রহমানের ব্যক্তিগত মত উল্লেখ করেন এবং এটা উপজেলা বিএনপি এর সাথে সম্পৃক্ত না।
আমার মরহুম পিতা আদম আলী হাওলাদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে গ্রাম সরকার ছিলেন। তৎকালীন সময়ে তিনি জিয়াউর রহমানের হাত থেকে ঢাকা গিয়ে পুরস্কার গ্রহণ করেছেন। আমি দীর্ঘদিন জেলা বিএনপির সদস্য হিসেবে কাজ করেছি। আমার শ্বশুর মরহুম রফিকুল ইসলাম মিরন সিকদার উপজেলা বিএনপি দীর্ঘ তিন দশক সভাপতির দায়িত্ব পালন করেছেন।
উপজেলা বিএনপি’র যেকোনো অনুষ্ঠান ও কর্মকাণ্ডে আমার নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ, নেতাকর্মীদের বিপদে সাহায্য সহযোগিতা এবং বিএনপি’র উপজেলা পর্যায়ে যে কোনো অনুষ্ঠানে আমি আর্থিক যোগান দিয়ে থাকি। আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাই, তাই আমার বিরুদ্ধে এ অপপ্রচার চালানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।










