কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়ায় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে উপজেলার কচুয়া এলাকা ও উপজেলা সদরের লঞ্চঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের বাসিন্দা মো. কবির হাওলাদার (৪৫) ও মো. রাজিব হাওলাদার (২৪)। কবির হাওলাদার মৃত হোসেন হাওলাদারের ছেলে এবং রাজিব হাওলাদার মো. শাহ আলম হাওলাদারের ছেলে। অপর দিকে কাঠালিয়া লঞ্চঘাট এলাকা অভিযান চালিয়ে ওয়াদুদ সিকদার (৪০) গাজাসহ আটক করে। তিনি উপজেলা সদরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত ইলিয়াস সিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া এলাকায় অভিযান চালিয়ে কবির ও রাজিবকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই রাতে উপজেলার লঞ্চঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওয়াদুদ সিকদারকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।