ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, গাছের চারা ও সার বিতরণ শুরু হয়েছে। আজ সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু এবং রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসেন শাহারিয়ার সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল বশার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ, সদস্য সচিব সৈয়দ নাজমুল হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
এবারের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে এক হাজার ৩৮৫ জন কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে জনপ্রতি পাঁচটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হচ্ছে। এছাড়া এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন পাঁচ কেজি করে উফশী আমন ধানের বীজ ও প্রয়োজনীয় সার। একই সঙ্গে ৬৫০ জন কৃষকের মাঝে বিভিন্ন জাতের শাকসবজির বীজ ও সার এবং লেবুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮০ জন কৃষকের মাঝে পাঁচটি করে লেবুর চারা ও সার বিতরণ করা হচ্ছে।
কৃষি কর্মকর্তারা জানান, সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, ফসলের উৎপাদন বাড়বে এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে। এ ধরনের সহায়তা কৃষকদের আরও বেশি উৎপাদনে উৎসাহিত করবে বলে আশা সংশ্লিষ্টদের।
কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে রাজাপুরে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উপকারভোগী কৃষকরা বলছেন, সময়োপযোগী এই সহায়তা তাদের কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











