মোঃ শাকিল আহমেদ বামনা (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার পাথরঘাটায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে উপজেলা সাহিত্য মেলা।
পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০টায় আয়োজিত সাহিত্য মেলায় উপজেলার তৃণমূলসহ সকল স্তরের অর্ধ শতাধিক কবি, সাহিত্যিক, গবেষক, গীতিকার, সুরকার, শিল্পীরা অংশ নেন। দুদিন ব্যপি এ সাহিত্য মেলা চলবে।
বাংলা একাডেমীর সমন্বয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পর্যায়ে সাহিত্যকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্দেশেই সাহিত্য মেলার আয়োজন করা হয়।
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, ভাইস-চেয়ারম্যান ফাতিমা পারভীন, বরগুনা জেলা কালচারাল অফিসার তানজিলা আক্তার, কবি ইদ্রিস আলী খান, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, কবি ও অবসর প্রাপ্ত সহযোগী অধ্যাপক মো.খলিলুর রহমান, সিনিয়র সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদ প্রমুখ।
মেলায় সাহিত্য চর্চায় নানা প্রতিবন্ধকতা ও সফলতার কথা উঠে অসে। উপস্থিত অশিতিপর এক কবি বার বার বলছিলেন, তার লেখা কেমন মানের তা যাচাই করার মত সুযোগ তার নেই বলে লুকিয়ে লুকিয়ে তিনি পড়েন। আজ সরকারের আয়োজনে অনুষ্ঠানে কবিতা লেখার কথা তিনি সাহসের সাথে বলতে পারছেন। তাঁর প্রকাশিত একটি বই মেলায় বিতরণ করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা কালচারাল অফিসার তানজিলা আক্তার বলেন, সাহিত্য জীবনেরই অংশ। তাই সাহিত্য চর্চা বাদ দিয়ে সমাজ চলে না। অনুষ্ঠানে বিদ্যালয়েে শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
এর আগে বরগুনা জেলায় জেলা সাহিত্য মেলা ও বরিশাল বিভাগীয় সাহিত্য সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়।










