ঝালকাঠি প্রতিনিধিঃ
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঝালকাঠিতে সুরাইয়া আক্তার জেরিন নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেরিন ঝালকাঠি শহরের কলাবাগান এলাকার বাসিন্দা এবং ঝালকাঠি শরৎচন্দ্র বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জামাল খান বাংলাদেশ সেনাবাহিনীর একজন সার্জেন্ট।
পরিবারের সদস্যরা জানান, সাত দিন আগে জ্বরে আক্রান্ত হয় জেরিন। অবস্থার অবনতি হলে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যু হয়। জেরিন বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।











