ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১২টায় উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের কালিয়ারজোর এলাকায় কুদেরধন খাল খননের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।
এসময় তিনি খাল খননের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন। এ উপলক্ষে আয়োজিত এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইলেন ভূট্টো। উদ্বোধনের পরপরই এলজিইডি কর্তৃপক্ষ বেকু মেশিন দিয়ে খাল খননের কাজ শুরু করে।
প্রথম কুদেরধন খালটি পাঁচ কিলোমিটার খননে ব্যয় ধরা হয়েছে এ কোটি এক লাখ ৪৬ হাজার টাকা। সারা দেশে পুকুর ও খাল উন্নয়ন শীর্ষক প্রকল্পের মাধ্যমে এলজিইডি কর্তৃপক্ষ এটি বাস্তবায়ন করছে।
খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি উন্নয়নের জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। এতে কৃষকরা সফলও হয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার তাকের রহমানের নেতৃত্বে আবারো খাল খনন কাজ শুরু করেছে। সারা দেশে ২০ হাজার খাল খনন করা হবে। এতে কৃষকরা যেমন লাভবান হবে, তেমনি কৃষিরও উন্নয়ন হবে। খাল খনন কর্মসূচিতে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না বলেও জানান তিনি।










