কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা।
নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মাওলানা ওবায়দুল হক। ভোট গণনার সময় সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন।
ভোট গণনা শেষে রাত ৯টার দিকে উপস্থিত সবার সামনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যক্ষ মাওলানা ওবায়দুল হক।
নির্বাচনে সভাপতি পদে মাসুম খান আসাদ, সহসভাপতি পদে হাজ্জাজ হোসেন ও আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে আজিম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে কামরুজ্জামান খান, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ জুয়েল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ লিমন হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক মোঃ রহমাতুল্লাহ এবং মহিলা বিষয়ক সম্পাদক লাইলি বেগম নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়ালী খান নান্টু এবং নির্বাহী সদস্য পদে তুহিন মোল্লা, মেহেদি হাসান, নাইম হোসেন, দিপু চন্দ্র শীল, শাহজাহান, ইমন হোসেন ও মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই বাজার এলাকায় ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ভোট গণনা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।