কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় প্রতি বছরের ন্যায় ঈদুল আজহা উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কচুয়ার মোঃ আঃ সালাম ফকিরের বাড়ির পিছনের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাতঘর যুবকদের আয়োজনে এতে উপজেলার বিভিন্ন স্থানের ৮ টি ঘোড়া অংশ নেয়। দৌড়ে মোঃ মিন্টুর ঘোড়া প্রথম, মহসিনের ঘোড়া দ্বিতীয় ও রিফাতের ঘোড়া তৃতীয় হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালমান খান বিপ্লব, রুবেল যুব ও ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আতিকুর রহমান রুবেল ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিনসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন ।
ঘোড়দৌঁড় উপলক্ষে মাঠের চারপাশে মেলার আয়োজন করা হয়। স্থানীয় শতশত নারী, শিশু, পুরুষ ও যুবকরা ঘোড়দৌঁড় প্রতিযোগিতা উপভোগ করেন।