ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি পৌরসভার নাগরিক সনদ প্রদান কার্যক্রম শতভাগ অনলাইনে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই বিভিন্ন সেবার জন্য আবেদন ও প্রয়োজনীয় নাগরিক সনদ সংগ্রহ করতে পারবেন।
মঙ্গলবার বেলা ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন।
ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভা ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নাগরিক সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে ঝালকাঠি পৌরসভার নাগরিক সনদ প্রদান কার্যক্রম শতভাগ অনলাইন করনের উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে নাগরিকদের আর বারবার পৌরসভায় গিয়ে সনদের জন্য অপেক্ষা করতে হবে না। অনলাইনে আবেদন করে নির্ধারিত প্রক্রিয়ায় দ্রুত সেবা গ্রহণ করতে পারবেন তারা।
এ উদ্যোগের মাধ্যমে পৌরসভার সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ার পাশাপাশি সময় ও অর্থের সাশ্রয় হবে বলেও আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।











