ঝালকাঠি প্রতিনিধিঃ
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলা।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
পরে শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, পরিবেশকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
ঝালকাঠি জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে মেলায় রয়েছে ১০টি স্টল। এসব স্টলে প্রায় ৪০০ প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা পাওয়া যাচ্ছে।
সাত দিনব্যাপী এ মেলায় গাছপ্রেমীদের পাশাপাশি সাধারণ মানুষেরও ব্যাপক আগ্রহ দেখা গেছে।











