ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে খাল খননের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন মহাসড়কে ওঠানোর সময় ভেকু মেশিনের ধাক্কায় মো. সিহাব উদ্দীন নামে ব্রাকের এক মাঠকর্মী নিহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই মহাসড়কে ভেকু তোলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
আজ ২৫ মে সোমবার সকালে ভান্ডারিয়া-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ রাজাপুর এলাকার খন্দকারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিহাব উদ্দীন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের মো. মাকসুদুর রহমানের ছেলে। তিনি ব্রাকের ভান্ডারিয়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খাল খননের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন রাস্তার পাশ থেকে মহাসড়কে উঠছিল। এ সময় মোটরসাইকেলে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন সিহাব উদ্দীন। হঠাৎ ভেকু মেশিনের সামনের হাতা ঘুরে তার মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনায় তার ব্যবহৃত হেলমেট ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে।
স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের সতর্কতা, সিগন্যাল কিংবা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভেকু মেশিনটি মহাসড়কে ওঠানো হচ্ছিল। এতে চলাচলকারী যানবাহন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে। অবহেলার কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। দুর্ঘটনার পরপরই খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ঘটনার পর ভেকু মেশিনের চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন বিশ্বাস জানান, “মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”











