ঝালকাঠি প্রতিনিধিঃ
” নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ ” শ্লোগানে ঝালকাঠিতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝালকাঠি সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শহরে একটি বর্নাঢ্য র্যালিটি বের করা হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ডা. রিফাত আহম্মেদ, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মুজীবুর রহমান, জেলা বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু, বিআরটিএ ঝালকাঠি সার্কেলের সহকারী পরিচালক মাহফুজ আহম্মেদসহ আরো অনেকে।
সভায় সড়ক দুর্ঘটনা রোধ, ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।











