ঝালকাঠি প্রতিনিধিঃ
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকালে ঝালকাঠি সদর হাসপাতাল গেইট এলাকায় জেলা ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের এ্যাসোসিয়েশন ফারিয়া, ঝালকাঠির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নয়, তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ।” তারা কর্মক্ষেত্রে সম্মান, নিরাপত্তা এবং হয়রানি বন্ধের দাবি জানান।
এতে বক্তব্য দেন, ঝালকাঠি জেলা ম্যানেজার ফোরাম এর সভাপতি মোঃ আসাদুজ্জামান পলাশ, ঝালকাঠি ফ্যামাসিটিক্যল রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন এর সভাপতি খাইরুল বাসার নবীন, সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: রিয়াজুল ইসলাম সহ বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধি বৃন্দৃ। বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট এই পেশাজীবীদের যথাযথ মূল্যায়ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে ফারিয়ার প্রতিনিধিরা স্মারকলিপি প্রদান করেন।











