ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজদের বিরুব্দে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন এলাকাবাসি। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
৮ জুলাই বুধবার উপজেলার লেবুবুনিয়া বাজার সংলগ্ন সাতুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেন স্থানীয়রা। এ সময় তারা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হেমায়েত উদ্দীন, তার ছেলে সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীবসহ পরিবারের কয়েক সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তোলেন।
বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন অনিয়ম চালিয়ে আসছেন।সম্প্রতি লেবুবুনিয়া বাজারে ডাবের ব্যবসাকে কেন্দ্র করে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তারা। এ বিষয়ে প্রতিবাদ জানাতে গিয়ে কয়েকজন মারধরের শিকার হয়েছেন বলেও দাবি করেন মানববন্ধনে অংশ গ্রহনকারী ভুক্তভোগীরা। তারা জানায়, গত ৬ জুলাই বাজারে ডাব ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়।তবে সব অভিযোগ অস্বীকার করেছেন সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব। তিনি বলেন, এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার ওপর হামলা হয়েছে। তার বিরুদ্ধে আনা চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।
মানববন্ধনকারীরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ।











