ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলার চারণ সাংবাদিক খ্যাত মানিক রায়কে ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মটরসাইকেল প্রদান করেছে। মঙ্গলবার সন্ধ্যায় চেম্বার ভবনে আনুষ্ঠানিকভাবে মানিক রায়ের কাছে নতুন মটরসাইকেলের কাগজপত্র ও সাইকেলের চাবি হস্তান্তর করা হয়। ঝালকাঠির চেম্বার অব কমার্স সভাপতি মুঃ মনিরুল হক তালুকদার চেম্বারের অন্য পরিচালকদের নিয়ে চাবি হস্তান্তর করেন। চেম্বারের প্রথম সভায় মানিক রায়কে মটরসাইকেল দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয় এবং বিষয়টি জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু এমপিকে অবহিত করা হয়।
মানিক রায় দীর্ঘ প্রায় ৪০ বছর যাবত বাইসাইকেল ব্যাবহার করে সংবাদ সংগ্রহ করে আসছিলেন। যান্ত্রিকতার যুগে তাল মিলিয়ে চলার জন্য মানিক রায়কে সহযোগিতা করার জন্য চেম্বার অব কমার্স এগিয়ে আসেন ও মটরসাইকেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
ঝালকাঠির চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মুঃ মনিরুল ইসলাম তালুকদার মটরসাইকেল হস্তান্তর অনুষ্ঠানে বলেন, আমার দেখা ও জানা মতে মানিক রায় জেলার একজন কর্মঠ ও পরিশ্রমী সাংবাদিক এবং তিনি সততা ও নিষ্ঠা নিয়ে আর্থিক অসচ্ছলতার মধ্যেও সাংবাদিকতার নীতি ও আদর্শ বজায় রেখে সৎভাবে জীবনযাপন করে চলেছেন। চেম্বারের এই কাজকে ঝালকাঠির বিভিন্ন মহল থেকে সাধুবাদ জানানো হয়েছে।










