ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের সমবায় এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে একটি অটোরিকশা ও দ্রুতগামী মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজাপুর থেকে ভান্ডারিয়াগামী একটি যাত্রীবাহী অটোরিকশা সমবায় এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন বলে জানা গেছে, তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রাজাপুর থানা পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মহাসড়কে বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মহাসড়কের এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গতিরোধক ও ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।










