ঝালকাঠি প্রতিনিধি।
ঝালকাঠির নলছিটিতে ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে মিলন হাওলাদার (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।
নিহত মিলন হাওলাদার ওই এলাকার মৃত দেলোয়ার হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন চায়ের দোকানি ছিলেন। তার দুই ছেলে রয়েছে যাদের বয়স ৫ বছর ও ৩ বছর।
নিহতের চাচাতো ভাই আবু তাহের হাওলাদার জানান, মিলনের স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ছিলেন। এ সময় বাড়িতে একা থাকা অবস্থায় তিনি রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তিনি আরও জানান, মিলনের প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ঋণ ছিল।এ কারণে হয়তো আত্মহত্যা করেছেন।
ওসি আরিফুল আলম জানান , খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।










