ঝালকাঠি প্রতিনিধিঃ
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার দশমীতে দেবী বিদায়ের মধ্য দিয়ে শেষ হয়েছে। শুক্রবার বিজয়া দশমীতে হিন্দু সম্প্রদায়ের নারীরা দেবীকে ফুল জল ও সিঁদুর দিয়ে বিদায় জানায় এবং দেবীর পায়ে ছোয়ানো সিঁদুর দিয়ে সিঁদুর খেলায় মেতে উঠে।
পরিবার ও বিশ্ব ব্যাপী মঙ্গল কামনা করে নারীরা এই সিঁদুর খেলার ধর্মীয় রীতি পালন করেন। প্রতিটি মন্দিরে অসংখ্য নারীরা পরস্পরকে সিঁদুর দান করেছেন। বিকালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটেছে।
তবে কুমিল্লার অপ্রীতিকর ঘটনার পরে হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং পূজা আয়োজনের মন্দির কমিটি মানসিক ভাবে পুজার শেষ দু’দিন দেবীর বিসর্জন পর্যন্ত অজানা এক আতঙ্ক নিয়ে কাটিয়েছেন। কুমিল্লার ঘটনার পরপরই সিভিল ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পর্শকাতর পুজা মন্ডবগুলিতে নিরাপত্তা বাহিনীর সদস্য নিয়োজিত করেছে এবং রুটিন অনুযায়ী তাদের টহল অব্যহত ছিল।










