কাঠালিয়া (ঝালকাঠি প্রতিনিধিঃ
গাজীপুর থেকে অপহরণের শিকার শিশু সালমাকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা থেকে উদ্ধার করেছে র্যাব। সালমাকে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
০৭ আগস্ট সোমবার ভোরে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বাসস্ট্যান্ড থেকে শিশুকে উদ্ধার করা হয়। তবে অপহরণকারী গ্রেপ্তার যায়নি। সালমা আক্তার গাজীপুর জেলার জয়দেবপুর ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর গ্রামের মাওলানা নুর মোহাম্মাদের মেয়ে। সে স্থানীয় খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী।
র্যাব জানান, গত ১ আগস্ট সকালে ওই ছাত্রীর আত্মীয় পরিচয় দিয়ে মাদ্রাসা থেকে তাকে নিয়ে দোকানে খাবার কিনে দেওয়ার কথা বলে অপহরণ করেন রিয়াজ জমাদ্দার (৪০) নামে এক ব্যক্তি।
এ ঘটনায় গত ৪ আগষ্ট শুক্রবার ভুক্তভোগী শিশুর ভাই মো. হাবিবুল্লাহ বিল্লাল গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি মামলা দায়ের করেন। র্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে কাঠালিয়ার আমুয়া থেকে ছাত্রীকে উদ্ধার করে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি।
র্যাব-৮ এর সিপিএসসি কমান্ডার মেজর মো. জাহাঙ্গীর আলম জানান, ‘শিশুটিকে অপহরণ করে অপহরণকারী তাঁর নিজ এলাকা ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বাসস্ট্যান্ডে অবস্থান নেন। র্যাব তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালালে অপহৃত শিশুটি উদ্ধার হয়। সে সময় অপহরণকারীকে পাওয়া যায়নি। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে”।










