কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে কাঠালিয়া উপজেলার কৈখালী রামপুর এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, এসআই (নিঃ) হারুনার রশিদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। রাত ১১ টার দিকে অভিযান চালিয়ে উত্তর চেচরী গ্রামের কাইয়ুম হাওলাদারের ছেলে পলাশ হাওলাদারকে (৩৪) আটক করে। পরে তার দেহ তল্লাশি করে শার্টের বুক পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ডিবি সূত্র নিশ্চিত করেছে।










