কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধ::
ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি পরিবারকে ঘরের ভিতরে তালাবদ্ধ করে বসতবাড়ি ভাঙচুড়, জমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাবুল হাওলাদার (৫৫) কাঠালিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর তালগাছিয়া গ্রামের হারুন অর রশিদ হাওলাদার, আব্দুল কাইউম হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, আব্দুল হাই সরদার, সুজন মিস্ত্রীসহ একাধিক লোকজন একই গ্রামে বাবুল হাওলাদার এর পরিবারের উপর হামলা চালায়।
বাবুল হাওলাদার জানায়, তাদের পৈত্রিক জমি ও বসতভিটা নিয়ে চাচাতো ভাই হারুন অর রশিদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত শনিবার দুপুরর দিকে বাড়িতে আমি একা অবস্থান করছিলাম। এই সুযোগে বিবাদীরা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা ঘরের চারপাশ ঘিরে ফেলে এবং বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে তাকে ভেতরে আটকে রাখে।
এসময় উঠানে রক্ষিত ফার্নিচারের জন্য মূল্যবান কাঠ (প্রায় ৩০,০০০ টাকা মূল্যের) লুট করে নিয়ে যায় এবং নিজেদের একটি কাচারী ঘর এনে ঘরের সামনে স্থাপন করে যাতে কেউ বের হতে না পারে। পরে ডাক চিৎকার দিলে স্থানীয়রা তাকে তালা ভেঙে উদ্ধার করে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগপত্র পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।










