ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে বাড়ি থেকে ডেকে নিয়ে ইকবাল হোসেন (৪৫) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার রাতে খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ফেলে রাখে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ইকবাল হোসেন উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামের আজহার আলী হাওলাদারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে মনিসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। রবিবার রাতে বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যায় স্থানীয় এক যুবক। তাকে খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পিটিয়ে ও কুপিয়ে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এসে উদ্ধার করে। পরে পরিবারের লোকজন তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।
নিহতের বাবা আজাহার আলী বলেন, আমার ছেলে অসুস্থ। ওর সঙ্গে কারো শত্রুতা ছিল না। কি কারণে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হলো আমরা জানি না। পুলিশ তদন্ত করে পুরো বিষয়টি বের করুক। তাকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি চাই।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আলী আশরাফ জানান, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।










