ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর হাসপাতালে হামিদা (৪৭) নামে এক নারী রোগীর মৃত্যুকে ঘিরে অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, ইনজেকশন পুশ করার পরপরই ছটফট করতে করতে মারা যান তিনি।
বৃহস্পতিবার (২১ মে) সকালে সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত হামিদা ঝালকাঠি শহরের মুসলিমপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। তিনি মৃত আবুল কাশেমের স্ত্রী।
স্বজনরা জানান, শারীরিক সমস্যাজনিত কারণে গত ১৮ মে হামিদাকে ঝালকাঠি সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে এক নার্স তাকে ইনজেকশন পুশ করেন। এর কিছুক্ষণ পরই তিনি ছটফট করতে শুরু করেন এবং পরে মারা যান।
ঝালকাঠি সদর থানার এসআই রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সানি বলেন, “যে ইনজেকশনটি দেওয়া হয়েছে সেটি একটি গ্যাসের ইনজেকশন। সাধারণত এ ধরনের ইনজেকশনে মৃত্যুর কোনো কারণ থাকে না। রোগী দীর্ঘ প্রায় ১০ বছর ধরে মাঝেমধ্যে এ হাসপাতালে ভর্তি হতেন। এবার তিনি একটি মারামারির ঘটনায় ভর্তি ছিলেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।