খুলনার খালিশপুরে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামি হলেন, সোহেল, আব্দুল্লাহ, মোহন, আকবর ও মেহেদী হাসান। এদের মধ্যে তিনজন পলাতক। আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৩ মার্চ অপহরণের পর কিশোরীকে দল বেঁধে ধর্ষণ করা হয়। বিষয়টি পুলিশকে না জানাতে তার পরিবারকে হুমকি দেয় আসামিরা।
ঘটনার একদিন পর দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩ জনকে আসামি করে মামলা করেন কিশোরীর মা। তদন্ত শেষে পাঁচ জনকে আসামি করে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা।
এ মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে ১২ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণ শেষে বুধবার আদালত আসামিদের মৃত্যুদণ্ড প্রদান করেন।










