ঝালকাঠি প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ে কোরআন তেলওয়াত অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে জেলা বিএনপিসহ ঝালকাঠির বিভিন্ন উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় শোক প্রকাশ করে কালো পতাকা উত্তোলন করা হয়। শোক কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা নীরবতা পালন করেন এবং গভীর শোক ও সমবেদনা জানান।
ঝালকাঠি জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন এবং সদস্য সচিব অ্যাডভোকেট শাহদাৎ হোসেন পৃথক শোকবার্তায় বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেতৃত্ব। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের আবহ বিরাজ করছে। দলীয় সূত্র জানায়, পরবর্তী সময়ে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও শোক কর্মসূচি পালন করা হবে।










