জনতার খবর ডেস্কঃ করোনা মহামারিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রমের অনেক ক্ষতি হয়েছে। শুধু বই নয়, শিক্ষার অনেক ঘাটতি হয়েছে এ কারণে শিক্ষা কার্যক্রমে অনেক কিছুই পরিবর্তন করার প্রয়োজন বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে তাহলে কিছু নতুন পরিকল্পনা আছে তা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, বর্তমানে অনেক শিক্ষকই ঘটনাচক্রে এ পেশায় এসেছেন তাই প্রশিক্ষিত শিক্ষক দরকার।
এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এক নির্দেশনায় জানিয়েছে, অষ্টম ও নবম শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিনের পরিবর্তে দুদিন করা হবে। মাউশি মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক নির্দেশনায় বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শনি ও বুধবার নবম শ্রেণি এবং রোববার ও বুধবার অষ্টম শ্রেণির ক্লাস নেয়া হবে। সোমবার সপ্তম শ্রেণি এবং মঙ্গলবার হবে ষষ্ঠ শ্রেণির ক্লাস। এ বছর এবং আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস প্রতিদিন নেয়া হবে বলেও নির্দেশনায় জানানো হয়েছে।
সেখানে আরও বলা হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুসারে চলবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির (নিম্ন মাধ্যমিক) শ্রেণিপাঠ মাধ্যমিকের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করতে হবে। মাউশির নতুন আদেশ অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বর থেকে সারাদেশে মাধ্যমিক স্তরের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম নতুন সূচি মোতাবেক পরিচালনা করতে হবে।












