জনতার খবর ডেস্কঃ শক্তিশালী হয়ে ওঠার পর দুর্বল হয়ে পড়েছে ‘অশনি’। সোমবার বিকেল থেকে গভীর নিম্নচাপটি দুর্বল হতে শুরু করেছে। মঙ্গলবার সকালে ‘সিস্টেম’টি আর ঘনীভূত হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পর্যায়ে এসে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যানাগাদ দুর্বল অবস্থায় মিয়ানমারের উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
তবে এর প্রভাবে সমুদ্র উপকুল এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম। তিনি বলেন, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর বা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে।
তিনি জানান, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সূত্রঃ আর টিভি।












