ঝালকাঠি প্রতিনিধিঃ
মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে লক্ষ্যে মৎস্যজীবীদের নিয়ে ঝালকাঠিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে শহরের নতুন কলাবাগান এলাকায় শতাধিক জেলেদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় উপসচিব মোঃ আঃ জলিল, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা এবং স্থানীয় মৎস্যজীবীরা। পরে কর্মকর্তারা সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করেন।
সভায় বক্তারা বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ শিকার সরকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। মা ইলিশ রক্ষা করতে ২২ দিনের জন্য যে নিষেধাজ্ঞা রয়েছে তা বাস্তবায়নে মৎস্যজীবী ও স্থানীয় সবাইকে সচেতন হতে হবে।










