সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ভারতের তিন নাগরিককে আটক করেছে র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানির সদস্যরা। ২৫ অক্টোবর সোমবার দুপুরে র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- ভারতের উত্তর চব্বিশ পরগনার অশক নগর থানার বড়বামুনিয়া গ্রামের শেখ আব্দুল আরিফ (৫২), তার স্ত্রী ফজিলা বিবি (৪৫) ও মেয়ে রুম্পা খাতুন (১৫)। র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন জানান, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে কিছু মানুষ দেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক টহল দল রাতে সেখানে অভিযান চালায়। এসময় সীমান্তের গায়েনপাড়া গ্রামের সুজন খান-এর বসত বাড়ির সামনে ইটের সোলিং রাস্তা উপর থেকে উক্ত তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।










