গুলজার হোসেনকে পরিচিত মানুষেরা ‘গরিব কবি’ নামে চেনেন। অর্থবিত্তে ‘গরিব’ তিনি, তবে তাঁর ঐশ্বর্য কবিতায়। পেশায় বালুশ্রমিক গুলজার দুই হাজারের বেশি কবিতা লিখেছেন। দুই শতাধিক গানের কথাও লিখেছেন। প্রকাশিত হয়েছে তাঁর তিনটি কাব্যগ্রন্থ। ঝিনাইদহের কবি গুলজার হোসেনের সঙ্গে পরিচিত হওয়া যাক।
তুমি আরেকটু দুঃখ দাও তো
আরেকটু নির্যাতন করো তো
দেখি তাদের মতো হয় কিনা।
তাদের দেয়া দুঃখ নির্যাতনে
আমার হৎপিণ্ড বন্ধ হয়ে যেত
ভাষা হারিয়ে যেত, দুপুর হতো ঘন অন্ধকার
আমি পাথুরে পাহাড় হয়ে যেতাম
ঝরনার সৌন্দর্য হয়ে উঠত বেদনার অশ্রু।
গুলজার হোসেনের ‘আরেকটু দুঃখ দাও তো’ কবিতার অংশবিশেষ এটি। নিজের দুঃখবোধ, আনন্দ-উচ্ছ্বাস আর পাওয়া না পাওয়ার কথা কবিতার নীতিমালায় গাঁথেন গুলজার হোসেন। অথচ কি শ্রমসাধ্য সকালই না শুরু হয় তাঁর! ভোর না হতেই বিছানা ছাড়েন। মুখে কিছু পুরে বেলচা হাতে ঘর থেকে বেরিয়ে পড়েন গন্তব্যে। তাঁর গন্তব্য ঝিনাইদহ শহরের ট্রাকস্ট্যান্ড। বালুভরা ট্রাকের সঙ্গে ছুটে যান বিভিন্ন এলাকায়। ট্রাক থেকে বালু নামানোই তাঁর পেশা, রোজগারের পথ। দুই হাতে বেলচা চালান।












