ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝাালকাঠি শহরের ৯নং ওয়ার্ডের বান্দাঘাট মোড় থেকে কাঠপট্টি ট্রলার ঘাট পর্যন্ত সড়কের অবস্থা খুবই বেহাল দশা। সড়কটি বহু বছর যাবৎ সংস্কারের অভাবে চলাচলের জন্য অনুপযোগি হয়ে পড়েছে। এ বিষয় পৌর কর্তৃপক্ষের কাছে স্থানীয় জনগণ বারবার রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও এর কোন সমাধান হয়নি।
উল্লেখ্য এই রাস্তাটি সংস্কারের দাবিতে গত ২০২৩ সালে র ১২ জুলাই রাস্তায় কচুগাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ করেছিল স্থানীয় জনগণ। এরপর পৌর কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত রাস্তাটি জনগনের চলাচলের উপযোগী করে গড়ে তোলার কোন পদক্ষেপ নেয়নি। তাই ঝালকাঠির সিটি ক্লাব ও পাঠাগার এবং অসীমাঞ্জলী ফাউন্ডেশনের উদ্যোগে রাস্তাটি চলাচলের যোগ্য করে তোলার লক্ষে আংশিক সংস্কারের কাজ শুরু করেছে। এদু’টি সামাজিক সংগঠন রবিবার সকাল ৯টায় বান্দাঘাট মোড় থেকে এ কাজ শুরু করে। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সিটি ক্লাবের উপদেষ্টা শহিদুজ্জামান অশ্রু, সিটি ক্লাবের সভাপতি গৌতম সরকার বাবুসহ সিটি ক্লাব ও অসীমাঞ্জলী ফাউন্ডেশনের সদস্যরা এবং স্থানীয় জনগন।
সিটি ক্লাবের সভাপতি গৌতম সরকার বাবু বলেন, দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি চলাচলের জন্য অযোগ্য হওয়ার কারণে পৌরবাসীর ভোগান্তি দূর করার জন্য আমরা দু’টি সংগঠন সিটি ক্লাব ও পাঠাগার এবং অসীমাঞ্জলী ফাউন্ডেশন একত্রিত হয়ে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেছি। যাতে করে ৯নং ও ৮নং ওয়ার্ডের সাধারণ জনগন স্বাভাবিক ভাবে চলাচল করতে পারে এবং তাদের ভোগান্তি কিছুটা হলেও দূর হয়।
প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান বলেন, এই রাস্তাটি অনেক বছর যাবৎ কোন সংস্কার হয় না। এ বিষয় আমরা বহু বার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় নিউজ করেছি। এই এলাকার জনগণ ২০২৩সালে জুলাই মাসে এই রাস্তায় কচুগাছ লাগিয়ে মানববন্ধন ও রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু তাতেও কোন সুরাহা হয়নি। আমি সিটি ক্লাব ও অসীমাঞ্জলী ফাউন্ডেশনের সদস্যদের ধন্যবাদ জানাই যে তারা এই রাস্তাটি আংশিক সংস্কারের উদ্যোগ নিয়েছে। এতে করে এই এলাকার মানুষ এই বর্ষার মৌসুমে কিছুটা হলেও ভালোভাবে চলাচল করতে পারবে। পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা এই রাস্তাটি দ্রুত নতুনভাবে করার জন্য পরিকল্পনা গ্রহণ করে।
স্থানীয় অবসর প্রাপ্ত শিক্ষক ফিরোজ আহম্মেদ বলেন, বর্ষার সিজনে এই রাস্তাটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। আমাদের মতো বৃদ্ধ মানুষ এবং ছোট ছোট ছাত্র-ছাত্রীদের এই রাস্তাদিয়ে চলাচল করা খুবই কষ্ট কর। দু’টি সংগঠন মিলে যে এই রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেছে তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তারা যেন এভাবে সমাজের ভালো কাজ করতে পারে এজন্য দোয়া করি।










