ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে নুরে আলম নামে এক যুবককে ভাড়া বাসা থেকে তুলে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় চার দিন পর মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মধ্য কবুতরখালী এলাকা থেকে মঠবাড়িয়া থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে রাজাপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে পুলিশ সদস্যের স্ত্রী হত্যা ও একাধিক ডাকাতির মামলা রয়েছে। গ্রেপ্তার শাহজাহান হাওলাদার ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার মৃত আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।










