ঝালকাঠি প্রতিনিধিঃ
নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার এই ¯েøাগানকে সামনে রেখে ঝালকাঠিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জেলা সমাজ সেবা কার্যালয়ের মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে ঝালকাঠি লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মিনী মাহফুজা খানম প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন লেডিস ক্লাবের সহ-সভাপতি ও পুলিশ সুপারের সহধর্মিনী টুম্পা সরকার। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহপার পারভীন। ঝালকাঠি সুইট বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ও নলছিটি উপজেলার দপদপিয়া বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ৫৭জন শিক্ষার্থীদের ২ হাজার টাকা করে ১লাখ ১৪ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজা খানম বলেছেন, আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা প্রতিভা সম্পন্ন হয়। এই ধরণের শিশুদের চলাচল, শিক্ষা সকল ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা রাখতে হবে। এটা তাদের প্রতি করুনা নয় বরং এটা তাদের অধিকার।










