বিনোদন ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের নেওয়া শপথ বাতিল ও অযোগ্য বলে ঘোষণা দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। রায়ের পর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন জায়েদ খান এবং নিপুণ। তবে আজ মঙ্গলবার (৭ মার্চ) শিল্পী সমিতির বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্জন এক সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে জায়েদ খান-এর দেওয়া কোর্টের রায়ের কপিটি সঠিক ছিলো না বলে জানান। এর কারণে জায়েদ খানকে পাঠ করানো শপথ গ্রহণ অযোগ্য বলে বাতিল করেন তিনি।
ইলিয়াস কাঞ্চন বলেন, সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিতে সমিতিতে যে আদালতের সার্টিফাইড কপি দেখেছেন জায়েদ খান তা আদালতের সবশেষ রায়ের সার্টিফাইড কপি নয়। তাই সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান-এর শপথ গ্রহণযোগ্য ও বৈধ নয়। খুব দ্রুত সমিতির জরুরি সভা ডেকে তাঁর ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানান ইলিয়াস কাঞ্চন।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের ফলাফল নিয়ে আইনি লড়াইয়ে হেরে যান চিত্রনায়িকা নিপুণ। তাঁর প্রতিদ্বন্দ্বী চিত্রনায়ক জায়েদ খানই ফিরে পান সাধারণ সম্পাদকের চেয়ার। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান-এর প্রার্থিতা বৈধ উল্লেখ করে গত বুধবার (২ মার্চ) রায় দেন হাইকোর্ট। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছিলেন নিপুণ। সেই ধারাবাহিকতায় নিপুণের করা আপিলে জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ সুপ্রিম কোর্টের চেম্বার আদালত চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন।
সূত্রঃ বাংলা ভিশন।












