চট্টগ্রাম প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয় জনের মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। ২৫ ফেব্রুয়ারি শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশ গুপ্ত।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়- ৮ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনার ১১দিন আগে ২৮ জানুয়ারি স্থানীয় মেম্বার রফিক বাহিনীর সদস্যরা দলবল নিয়ে মৃত চম্পক সুশীলকে মারধর করে এবং মন্দির নির্মাণের চেষ্টা করা হলে সবাইকে উপরে পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়। তাই সড়ক দুর্ঘটনার সংগে ওই ঘটনার যোগসাজশ দেখছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ।
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি বাবার শ্রাদ্ধ শেষে সকালে বাড়ি ফিরছিলেন আট ভাইবোন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় উপজেলার মালুমঘাট এলাকায় একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চার ভাই নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও এক ভাই। তার কয়েক দিন পর মার যান আরও এক ভাই। এই ঘটনায় মোট ছয় ভাইয়ের মৃত্যু হয়েছে।










