অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় এলাকায় রিকশা থেকে তুলে নিয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় পুলিশ আরো তিনজনকে গ্রেফতার করেছে। এ নিয়ে এ ঘটনায় জড়িত ছয়জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোখলেসুর রহমান বলেন, ১৭ জুলাই রবিবার রাত দেড়টার দিকে খুলশী থানার জিইসি এলাকার সাদিয়াস কিচেনের সামনে দিয়ে ওই গৃহবধূ রিকশায় ষোলশহরের দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত তিন যুবক রিকশা থামিয়ে ওই নারীকে জোরপূর্বক সাদিয়া কিচেন সংলগ্ন ফ্লাইওভারের নিচের একটি টঙ ঘরের ভেতরে নিয়ে যান। সেখানে ছয় বন্ধু মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করে।
ভুক্তভোগী নারীর চিৎকার শুনে রিকশাচালক জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ কল করে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর অনুরোধ করেন। সংবাদ পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীকে উদ্ধার করে। এ ঘটনায় রবিবার রাতেই ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বাকি তিনজন পালিয়ে যায়।
পরে ১৮ জুলাই সোমবার রাতে অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে বাকি তিনজনকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। সূত্রঃ বাংলা ভিশন।










