গাইবান্ধা-৫ (সাঘাটা ও ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ৪ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলবে।
এরআগে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক ও যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। ঢাকা থেকে ইসি সিসি ক্যামেরার মাধ্যমে ভোট সরাসরি পর্যবেক্ষণ করবে।
নির্বাচন উপলক্ষ্যে মাঠে আছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সাধারণ ভোটকেন্দ্রে ১৬ থেকে ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ থেকে ১৮ জনের ফোর্স নিয়োজিত রয়েছে। ভোটকেন্দ্র পাহারায় পুলিশ, অঙ্গীভূত আনসার ও গ্রাম পুলিশ ভোটের আগে পরে চারদিনের জন্য মোতায়েন থাকবে।
এছাড়াও আছে পুলিশ, এপিবিএন ও ব্যাটেলিয়ন আনসারের ছয়টি ভ্রাম্যমাণ ও চারটি স্ট্রাইকিং ফোর্স। অন্যদিকে চার প্লাটুন বিজিবি ও র্যাবের নয়টি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, নয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দু’জন বিচারিক ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করবেন।
নির্বাচনে মাহমুদ হাসান রিপন (আওয়ামী লীগ), এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি), অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র) ও সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরআগে গত ১২ অক্টোবর এ আসনের উপ-নির্বাচনে ব্যাপক অনিয়মের কারণে ভোটগ্রহণ বন্ধ করে দেয় ইসি। পরবর্তীতে ৪ জানুয়ারি ভোটের নতুন তারিখ দেয় ইসি। ফুলছড়ি-সাঘাটা উপজেলার ১৭ টি ইউনিয়নের ১৪৫টি কেন্দ্রে ৯৫২টি বুথে ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।
গত ২৩ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়।










