কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বজ্রপাতে মোঃ ওয়ালিউর রহমান বিশ্বাস (৪৩) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ ১৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিশ্বাসবাড়ি এলাকার ধানক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: পনির হাওলাদার। তিনি বলেন, “বজ্রপাতের সময় মাঠে গরু আনতে গিয়ে ওয়ালিউর রহমান বিশ্বাস মারা গেছেন। আমরা ঘটনাটি পুলিশকে জানিয়েছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে ওয়ালিউর রহমান মাঠে গরু আনতে যান। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের সদস্যরা তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।










