টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে একটি বাড়ির একই রুম থেকে শ্বাশুড়ি-পুত্রবধূসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ। তারা হলেন- উপজেলার ওই এলাকার মৃত হয়রত আলীর স্ত্রী জমেলা বেগম (৬৫), তার ছেলে জয়েন উদ্দিনের স্ত্রী সুমি বেগম (২৬) ও অজ্ঞাত যুবক (৩৫)। শনিবার সকালে উপজেলার দিঘর ইউনিয়নের কাশতলার খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন গণমাধ্যমকর্মীদের জানান, উপজেলার হামিদপুর খামারপাড়ায় একটি বাড়ির ঘরের রুম থেকে শাশুড়ি, পুত্রবধূ ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় এক শিশুকে (৫) আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
এ ঘটনায় ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার গণমাধ্যমকর্মীদের জানান, ৩ জনের মৃত্যুর ঘটনার কথা শুনে ঘটনাস্থলে যাওয়া হয়েছে এবং মরদেহ উদ্ধার করা হয়। একইসাথে ৫ বছরের এক আহত শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা জানা যায়নি। তদন্ত করে মূল ঘটনা জানা যাবে।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) সোহেল রানা গণমাধ্যমকর্মীদের জানান, ঘাটাইল উপজেলার খামারপাড়ার একটি বাড়িতে শনিবার সকালে ৩ জনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পুলিশ তদন্ত শুরু করছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।










