আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পাকতিকা ও খোস্ত প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত এক হাজার নিহত দের হাজার মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পটি দক্ষিণ-পূর্ব শহর খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে আঘাত হানে।
রয়টার্সের বরাত দিয়ে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটিি আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বিস্তৃত অঞ্চলে অনুভূত হয়। আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ও ভূকম্পন অনুভূত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাউদ্দিন আইয়ুবি জানিয়েছেন, আহতদের উদ্ধারে এবং খাবার ও জরুরি চিকিৎসা পণ্য পরিবহনে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ‘কিছু গ্রাম পাহাড়ের দুর্গম অঞ্চলে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে এবং বিস্তারিত সংগ্রহ করতে কিছুটা সময় লাগবে’।
আফগানিস্তানের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয়েছে বুধবার ভোরে। সবচেয়ে বেশি নিহতের ঘটনা নিশ্চিত হওয়া গেছে পাকতিকা প্রদেশে। সেখানে ২৫৫ জন নিহত এবং আরও দুই শতাধিক মানুষ আহতের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে বলে জানান সালাউদ্দিন আইয়ুবি। এছাড়া খোস্ত প্রদেশে আরও ২৫ জন নিহত এবং ৯০ জনকে হাসপাতালে নেওয়ার তথ্য জানান তিনি। ক্ষমতাসীন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এক বিবৃতিতে ভূমিকম্পে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।












