জনতার খবর ডেস্কঃ বাংলাদেশে দ্রুতই করোনাভাইরাসের টিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বাংলাদেশে দ্রুতই করোনাভাইরাসের টিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেন, “আমারা শুধু ভ্যাকসিন আনছি না। প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যতো তাড়াতাড়ি সম্ভব দেশে করোনাভাইরাসের তৈরি করার। আমরা সে লক্ষে কাজ করছি। অতি দ্রুত দেশে ভ্যাকসিন তৈরি করা হবে।”
১৫ সেপ্টেম্বর বুধবার জাতীয় সংসদে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট বিলের ওপর বিরোধীদলীয় সংসদ সদস্যদের জনমত যাচাইয়ের আলোচনার পর দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় সংসদ সদস্যদের দেওয়া বক্তব্যে উপস্থাপিত বিভিন্ন অভিযোগ ও প্রশ্নেরও উত্তর দেন মন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, “ইতিমধ্যে আড়াই কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। দেড় কোটি মানুষকে ডাবল ডোজ করে টিকা দেওয়া হয়েছে। চীন থেকে ৬ কোটি ডোজ টিকার নিশ্চয়তা পাওয়ার পর দেখলাম এই টিকা আনতে দুই থেকে তিন হাজার কোটি টাকা দরকার। প্রধানমন্ত্রী বলেন, টাকা যতো লাগুক টিকা নিয়ে আসতে হবে।”
তিনি বলেন, “আমরা কোভ্যাক্স থেকে ৫ কোটি টিকা পাবো। সব মিলিয়ে ১৬ কোটি ভ্যাকসিনের অর্ডার আছে।”
তিনি আরও বলেন, “আমাদের স্বাস্থ্য সেবার যে উন্নতি হয়েছে, হাসপাতালের সার্ভিস ক্ষমতার যে উন্নতি হয়েছে সেটা এই কোভিডের সময় বুঝা গেছে। দেশে মানুষ চিকিৎসা নিয়েছেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে উন্নতমানের চিকিৎসা দেওয়া হয়েছে। কোভিড, নন কোভিড, ডেঙ্গু সব চিকিৎসায় দেশে হয়েছে।”












