ঝালকাঠির প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটির নাচনমহলে প্রতিবন্ধী ইকবাল হত্যা মামলার প্রধান আসামি রাজ্জাক সিকদারের স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে পুলিশ। সকালে দুই দিনের রিমান্ড শেষে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুফল-এর নেতৃত্বে পুলিশ নাচনমহল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রড, জিআই পাইপ ও লাঠি উদ্ধার করা হয়। অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে এ নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পুলিশ জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে রাজ্জাক সিকদার হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ঘটনাস্থলের পাশ থেকে আত্মগোপনে রাখা দেশীয় অস্ত্রগুলো জব্দ করা হয়েছে।
গত কয়েকদিন আগে নাচনমহল এলাকায় প্রতিবন্ধী ইকবালকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই এলাকাটি উত্তপ্ত ছিল এবং পুলিশ দ্রুততম সময়ের মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।