ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের এক অবসরপ্রাপ্ত কর্মচারী ও তার ছেলের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিরোধে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নলছিটি উপজেলার খাজুরিয়া গ্রামের বাসিন্দা বিধবা নারী জাহানারা বেগম।
সোমবার (২৫ মে) সকালে ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহানারা বেগম অভিযোগ করেন, ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী এবং নলছিটি উপজেলার নাঙ্গুলি গ্রামের বাসিন্দা আঃ ওহাব মল্লিক ও তার ছেলে হিরন মল্লিক দীর্ঘদিন ধরে তাদের ওয়ারিশ সূত্রে পাওয়া জমিজমা নিয়ে অযৌক্তিক মামলা দিয়ে হয়রানি করে আসছেন।
তিনি জানান, তার স্বামী মরহুম আবুল কালাম হাওলাদার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর আগে চিকিৎসার খরচ চালাতে ওয়ারিশ সূত্রে পাওয়া জমির একটি অংশ বিক্রি করতে চেয়েছিলেন। কিন্তু তার ননদ হেনারা বেগম ও তার স্বামী ওহাব মল্লিক এতে বাধা সৃষ্টি করেন এবং বিষয়টি আদালতে নিয়ে যান।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মামলা ও প্রভাব খাটিয়ে তাদের সম্পত্তি ভোগদখল থেকে বঞ্চিত রাখা হয়েছে। এমনকি চলমান ভূমি জরিপ কার্যক্রমেও তার সন্তানদের নামে জমি রেকর্ড করতে বাধা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
জাহানারা বেগমের অভিযোগ, ওহাব মল্লিক ও তার ছেলে হিরন মল্লিক বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করছেন এবং তাদের জমির কাছে যেতে দিচ্ছেন না। এ অবস্থায় পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি শান্তিপূর্ণভাবে ভোগদখলের সুযোগ দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
মোঃ মাসউদুল আলম











